তবে পাকিস্তানের জন্য আজকের ম্যাচ বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই তাদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে সফরকারী দল।
তবে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খেয়েছে লিটন দাসের দল। ইনফর্ম তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয় নাঈম শেখকে। কিন্তু প্রত্যাশার প্রতিদান দিতে ব্যর্থ হন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন নাঈম। ৭ বল খেলে করেন মাত্র ৩ রান।
শুরুতেই উইকেট হারানোয় চাপ তৈরি হয়, সেটি সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস। কিছুটা সময় ধরে খেললেও রান রেট বাড়াতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনিও। সালমান মির্জাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি।
এরপর আরও বড় ধাক্কা আসে পঞ্চম ওভারে। রান না করেই রান আউটে কাটা পড়েন তাওহিদ হৃদয়। পারভেজ ইমনের সঙ্গে ভুল বোঝাবুঝির বলি হয়ে ফিরতে হয় তাকে। হৃদয়ের আউটের কিছুটা দায় ইমনের ওপরও বর্তায়। তাই চাপ সামাল দেওয়ার দায়িত্ব ছিল তার কাঁধেই। কিন্তু উল্টো পরের ওভারেই ১৪ বলে ১৩ রান করে তিনিও সাজঘরে ফেরেন।
এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৮ রান।