শোক বিবৃতি
২২ জুলাই, মঙ্গলবার
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে শিক্ষার্থীসহ হতাহতের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর গভীর শোক প্রকাশ।।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী এ ঘটনায় গভীর শোক, সমবেদনা ও উদ্বেগ প্রকাশ করছে।
ফায়ার সার্ভিস ও আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান গতকাল সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ২৬ জনের বেশি আহত হয়ে বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হৃদয়বিদারক ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি ও সেক্রেটারি এক যুক্ত বিবৃতিতে বলেন—এই দুর্ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মন্তুদ ও বেদনাদায়ক। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।
নেতৃদ্বয় আরও বলেন—
একটি প্রশিক্ষণ বিমান কীভাবে জনবহুল এলাকায়, তাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর এসে বিধ্বস্ত হলো—তা গভীরভাবে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। আমরা এ ঘটনায় দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।
তাঁরা আরও বলেন—
এই মর্মান্তিক ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি—আহতদের চিকিৎসায় যেন সর্বোচ্চ গুরুত্ব ও সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা জাতির পক্ষ থেকেই অগ্রহণযোগ্য বলে আমরা মনে করি।
নেতৃদ্বয় দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন—
আহতদের রক্তদানে এগিয়ে আসা, এবং সার্বিক মানবিক সহায়তা প্রদানে সক্রিয় ভূমিকা রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলামি মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলীয়ভাবে ও ব্যক্তি উদ্যোগে সবাইকে এই দুর্যোগে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরী দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসাসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
আল্লাহ তাআলা আমাদের সকলকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করুন এবং জাতিকে শান্তি ও নিরাপত্তার ছায়ায় রাখুন। আমিন।