সিরিজ বাচানোর ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টি তে আজ মাঠে নামবে বাংলাদেশ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিরিজ বাচানোর ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টি তে আজ মাঠে নামবে বাংলাদেশ..

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
সিরিজ বাচানোর ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টি তে আজ মাঠে নামবে বাংলাদেশ..
সিরিজ বাচানোর ম্যাচে দ্বিতীয় টি-টোয়েন্টি তে আজ মাঠে নামবে বাংলাদেশ..
ছবি: সংগৃহীত
সিরিজে টিকে থাকার চাপে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর ডাম্বুলার এই লড়াই হয়ে উঠেছে বাঁচা-মরার। ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা সাড়ে..

এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। মাঠের ব্যর্থতার পাশাপাশি শোনা যাচ্ছে টিম ম্যানেজমেন্টের ভেতরে ভাঙনের সুর। চারদিকে শুধু প্রশ্ন আর সমালোচনা। ব্যাটিং লাইনআপে অস্থিরতা, ভুল একাদশ নির্বাচন, একের পর এক বাজে সিদ্ধান্ত—সব মিলিয়ে যেন নিজেদের ছায়া হয়ে আছে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে ড্রেসিংরুমে স্বস্তি থাকার প্রশ্নই ওঠে না। মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট হয়ে উঠেছে সেই অস্থিরতার ছাপ।

এবারের লড়াই ডাম্বুলায়। যেখানে বাংলাদেশ এর আগে কখনো কোনো টি-টোয়েন্টি খেলেনি। আসলে এই ভেন্যুতেই ফরম্যাটটির যাত্রা শুরু হয়েছে মাত্র গেল বছর থেকে। যদিও ওয়ানডেতে কিছুটা অভিজ্ঞতা আছে বাংলাদেশের—২০১৭ সালে এখানেই এক ম্যাচে জিতেছিল, একটি পরিত্যক্ত হয়েছিল। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়, বিশেষ করে ২০১০ সালের এশিয়া কাপে বড় বড় দলের বিপক্ষে বাজেভাবে হারের স্মৃতি এখনো তাজা অনেকের মনে।

প্রথম ম্যাচে চার ওপেনার নিয়ে মাঠে নামা দলটি এবার নিশ্চয়ই কিছুটা বাস্তবধর্মী চিন্তা করবে। ব্যাটিং অর্ডার আর গঠন নিয়ে যে একধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছিল, সেটা কতটা সফল হয়েছে, তার প্রমাণ মিলেছে আগেই। দলের ভেতর যে পরিবর্তন আসছে, সেটি প্রায় নিশ্চিত। তবে কৌশল বদলানোর চেয়েও বড় প্রয়োজন হলো ভুলগুলো শুধরে ফেলা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স স্পষ্টভাবে বলেছেন, “আমরা যেমন বাজে ক্রিকেট খেলেছি, সেটা বন্ধ করতে হবে। ব্যাটিংটা একদমই ভালো হচ্ছে না। প্রথম ৬ ওভারে বোলিংয়েও উন্নতি দরকার।” তিনি আরও বলেন, “জাকের আলি অসুস্থ থাকায় চার ওপেনার নিয়ে মাঠে নামতে হয়েছে। সবাইকে বাস্তবতা বুঝে সমালোচনা করা উচিত। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করছে, কিন্তু ফল আসছে না।”

ডাম্বুলার উইকেট বেশ ব্যতিক্রম—সবুজ ঘাসের উপস্থিতি পেসারদের সাহায্য করতে পারে। তাসকিন আহমেদের এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে, ৮ বছর আগে এই মাঠেই নিয়েছিলেন চার উইকেট। তাই তাকে বিশ্রামে না দিয়ে কাজে লাগানো হতে পারে অন্যতম কৌশল। তবে চিন্তার কারণ লিটনের ব্যাটিং। অফফর্মে থাকা এই ওপেনারকে নিয়ে প্রশ্ন উঠলেও কোচ বলছেন, “সে কঠোর পরিশ্রম করছে। ফর্মে ফিরতে চায়। উইকেট আর কন্ডিশন বিবেচনা করেই আমরা একাদশ ঠিক করব।”

অন্যদিকে, সিরিজে এগিয়ে থেকেই পুরোপুরি আত্মবিশ্বাসে টইটম্বুর শ্রীলঙ্কা। দিনের আলোতেই তারা সেরে নিয়েছে অনুশীলন। প্রথম ম্যাচের জয় তাদের আরও দৃঢ় করে তুলেছে, এখন লক্ষ্য এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।

লঙ্কান ফিল্ডিং কোচ উপুল চন্দনা জানালেন, “আমরা প্রথম ম্যাচের মতোই খেলতে চাই। উইকেট ব্যাটিং সহায়ক হবে। ক্রিকেটাররা দারুণ ছন্দে আছে। আশা করছি এখানেও ছন্দ ধরে রাখতে পারব। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে, কিন্তু আমরাও আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই।”

সাম্প্রতিক ফর্ম, দলীয় ঐক্য আর মাঠের পারফরম্যান্স—সব মিলিয়ে বাংলাদেশ এখন চাপে। টি-টোয়েন্টিতে দুই দলের ১৮ বারের মুখোমুখিতে ১২ জয় শ্রীলঙ্কার, টাইগারদের মাত্র ৬। ইতিহাসও যেন একরকম পাল্লা দিয়ে চাপ বাড়াচ্ছে বাংলাদেশের ওপর।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator