সাতক্ষীরায় টানা বর্ষণের ফলে বর্ষাকালীন সবজির ক্ষেত পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে জেলার বিভিন্ন বাজারে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকাল থেকে সাতক্ষীরার কদমতলা বাজার ও সুলতানপুর বড়বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৭০-৮০ টাকা। এছাড়া বেগুন ৮০ টাকা, টমেটো ১৫০, দেশি ওল ১৩০, পটল ৫০, গাজর ১৫০ এবং উচ্ছে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, লেবু (৩ টাকা), পুঁইশাক (২৫ টাকা/আটি), লালশাক (২০ টাকা/আটি) এবং খিরাই (৬০ টাকা/কেজি) বিক্রি হচ্ছে আগের চেয়ে বাড়তি দামে।
তবে পেঁয়াজ, রসুন ও আদার দামে তেমন পরিবর্তন হয়নি। দেশি পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৮০–১১০ টাকা এবং আদা ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতারা জানান, সরবরাহ সংকট ও অতিবৃষ্টির অজুহাতে পরিকল্পিতভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা, তা তদন্ত করা দরকার। কাশেমপুর গ্রামের দবির উদ্দীন সরদার বলেন, "আগের সরকারের আমলে সিন্ডিকেট ছিল, এখনো সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে কিনা সন্দেহ রয়েছে।"
সবজি ব্যবসায়ী ও আড়ৎদাররা জানান, টানা বর্ষণে জেলার অনেক সবজির ক্ষেত ডুবে গেছে। পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। কৃষকদের অনেকে ক্ষেত থেকে সবজি তুলতে পারেননি, আবার অনেক ক্ষেতের সবজি পচে গেছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে জেলায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে সবজির আবাদ লক্ষ্যমাত্রা থাকলেও বৃষ্টিতে ২ হাজার হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।