৫ আগস্টের পর বিএনপি চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করলেও তারেক রহমানকে ঘিরে কেন চলছে রাজনৈতিক অপপ্রচার? প্রশ্ন ছাত্রদল নেতা শিশিরের।
দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ তুলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন রেজা শিশির। তিনি প্রশ্ন তোলেন, যখন বিএনপি প্রকাশ্যেই জিরো টলারেন্স নীতি নিয়ে অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন কেন তারেক রহমানকে স্লোগানের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে?
গত শুক্রবার (১১ জুলাই) রাতে এক বিবৃতিতে শিশির বলেন, “পুরান ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত যুবদলের কেউ নন। তবুও যেহেতু অভিযুক্ত ব্যক্তি যুবদলের পদপ্রত্যাশী ছিলেন, তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে—যাতে ভবিষ্যতেও তিনি কোনো দায়িত্বে না আসতে পারেন। বিএনপির পক্ষ থেকেও এই ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারের আহ্বান জানানো হয়েছে।”
তিনি আরও জানান, ছাত্রদল এ ঘটনায় ইতোমধ্যে প্রতিবাদ সমাবেশ, মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করেছে। “এই পরিপ্রেক্ষিতেও আমরা লক্ষ্য করেছি, পরিকল্পিতভাবে তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে। যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদের পরিচয় আমাদের অজানা নয়,” বলেন শিশির।
তিনি আরও দাবি করেন, “একটি নতুন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাও সরাসরি তারেক রহমানকে অভিযুক্ত করে মন্তব্য করেছেন। এটি অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন। আমরা আশা করি, নতুন রাজনৈতিক দল এই ধরনের অপরাজনীতি থেকে বিরত থাকবে।”
শিশিরের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে তারেক রহমান দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির নির্দেশ দিয়ে আসছেন। “আমরা চুপ আছি, কারণ আমাদের নেতার নির্দেশ—দ্রুত প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচারের পথে অটল থাকা। কিন্তু এটিকে যদি কেউ দুর্বলতা ভাবে, তবে তারা মারাত্মক ভুল করবে,” জানান তিনি।
তিনি স্পষ্ট বলেন, “আমরাও অপরাধীদের শাস্তি চাই। তবে সেই শাস্তি হওয়া উচিত সঠিক তদন্ত ও আইনের মাধ্যমে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হাতিয়ার হিসেবে তারেক রহমানকে ব্যবহার করা হলে, সেটির ফলাফল হবে ভয়াবহ।
শিশির আরও বলেন, “তারেক রহমান বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত। তাকে কেন্দ্র করে যদি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করা হয়, তবে দেশের জনগণ তা মেনে নেবে না। অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না।”
ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, পুরান ঢাকায় নিহত সোহাগ একজন বৈদ্যুতিক কেবল ব্যবসায়ী ছিলেন এবং ‘সোহানা মেটাল’ নামক দোকানের মাধ্যমে ব্যবসা করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সুতার সিন্ডিকেট নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের পরিচয়ধারী কিছু ব্যক্তি হত্যাকাণ্ডে জড়িত ছিল। চাঁদা দাবি এবং ব্যবসার অংশীদারিত্ব নিয়ে বিরোধ থেকেই এই হত্যা ঘটে।
তবে স্থানীয় সূত্র বলছে, ঘটনার সঙ্গে জড়িতরা যুবদলের সঙ্গে সম্পৃক্ত হলেও তাদের সংগঠনের ভেতরে কোনো আনুষ্ঠানিক পদ ছিল না। বিষয়টি এখনো নিশ্চিত নয়। এর মধ্যেই তারেক রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত স্লোগান তুলে ঘটনার মূল বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
শাহিন রেজা শিশির বলেন, “আমরা চাই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু তারেক রহমানের ইমেজ নষ্ট করতে গিয়ে যে অপচেষ্টা চলছে, তা দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা প্রতিপক্ষকে সতর্ক করছি—নোংরা রাজনীতি বন্ধ করুন, না হলে এই ষড়যন্ত্র আপনাদের গায়েই ফিরে আসবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
মন্তব্য 0