এক শতকেই জো রুটের যত রেকর্ড! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

এক শতকেই জো রুটের যত রেকর্ড!

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
এক শতকেই জো রুটের যত রেকর্ড!
এক শতকেই জো রুটের যত রেকর্ড!
ছবি: সংগৃহীত
এক রানের অপেক্ষায় কেটেছে পুরো একটি রাত। সেই অপেক্ষার অবসান হয় পরদিন মাঠে নেমেই। স্ট্রাইকপ্রান্তে থাকা জো রুট যশপ্রীত বুমরাহর প্রথম বলেই চার হাঁকিয়ে পৌঁছে যান শতকে—তার ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি..

লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে এই ইনিংস দিয়েই রুট উঠে এসেছেন টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক হিসেবে। পাশাপাশি টেস্ট সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে গেছেন ভারতের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথকে, যাদের দুজনেরই ছিল ৩৬টি করে শতক। রুটের সামনে এখন কেবল চার কিংবদন্তি: কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন টেন্ডুলকার (৫১)।

এছাড়া লর্ডসের মাটিতেই গড়েছেন আরেক অনন্য কীর্তি—টানা তিন ইনিংসে সেঞ্চুরি। ঐতিহ্যবাহী এই মাঠে গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ১৪৩ ও ১০৩। এবার ভারতের বিপক্ষে যোগ হলো আরও একটি শতক। এই রেকর্ডে ইংল্যান্ডের ইতিহাসে রুটের আগে কেবল দুজনের নাম—জ্যাক হবস (১৯১২–১৯২৬) ও মাইকেল ভন (২০০৪–২০০৫)।

ভারতের বিপক্ষে এটি রুটের ১১তম সেঞ্চুরি—যা যৌথভাবে সবচেয়ে বেশি। সমান সংখ্যক সেঞ্চুরি রয়েছে স্টিভ স্মিথেরও, যদিও তিনি খেলেছেন ৪৬ ইনিংস, রুটের লেগেছে ৬০টি।

রুটের এই সেঞ্চুরি এসেছে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে। খেলেছেন ১৯২ বল, যা ২০২২ সালে বাজবল যুগ শুরুর পর ইংলিশ ব্যাটারদের মধ্যে তৃতীয় ধীরগতির সেঞ্চুরি। রুট নিজেই এর আগেও এমন একটি ইনিংস খেলেছিলেন—২০২৪ সালে ভারতের বিপক্ষেই, ২১৯ বলে শতক। আর তালিকার শীর্ষে আছেন বেন ফোকস (২০৬ বল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০২২)।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator