ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ১৩ জুলাই তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার ৮ নম্বর ডাকাতিয়া ইউনিয়নে লিফলেট বিতরণ, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী। পথসভায় তিনি বলেন, “দেশে আইনের শাসন, সুশাসন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারব।”
এ সময় ডাকাতিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণের মাঝে কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।” তারা আরও বলেন, “৩১ দফার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।”
পথসভা ও লিফলেট বিতরণ শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়। বিএনপির নেতারা জানিয়েছেন, ভবিষ্যতেও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম চলমান থাকবে।