গত ৩ জুলাই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। প্রাথমিকভাবে গাড়ির চাকা ফেটে আগুন ধরে যাওয়াকেই মৃত্যুর কারণ বলা হলেও, সর্বশেষ তদন্তে উঠে এসেছে ভিন্ন তথ্য।
মঙ্গলবার (৮ জুলাই) স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানায়, “গাড়ির চাকার চিহ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, এটি স্পিড লিমিট অতিক্রম করেছিল। এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গাড়িটি চালাচ্ছিলেন দিয়োগো জোটা।” অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা।
জোটার এই মৃত্যু কেবল ফুটবল বিশ্বকেই নাড়িয়ে দেয়নি, ভেঙে পড়েছে তার পরিবারও। কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন পর্তুগিজ এই তারকা। তাদের সংসারে রয়েছে তিন সন্তান।
জোটার ক্লাব লিভারপুল নিশ্চিত করেছে, তার মৃত্যুর পরও চুক্তির বাকি অর্থ পরিবারকে প্রদান করা হবে। ক্লাবটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি ছিল জোটার, যার আওতায় প্রতি সপ্তাহে তিনি পেতেন এক লাখ ৪০ হাজার পাউন্ড। অর্থাৎ বাকি দুই বছরের চুক্তি অনুযায়ী, তার পরিবারকে দেওয়া হবে ১ কোটি ৫৫ লাখ ৬০ হাজার পাউন্ড।