ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই রিয়ালের জয় নিশ্চিত করেন অ্যান্টনিও রুডিগার। তবে ম্যাচ শেষে উদযাপনে গিয়ে বিতর্কে জড়ান রিয়ালের একাধিক তারকা।
টাইব্রেকারের শেষ শটে বল জালে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন রুডিগার। এরপর উদযাপন করতে গিয়ে অ্যাতলেটিকোর সমর্থকদের উদ্দেশে যেভাবে অঙ্গভঙ্গি করেন, তাতে ক্ষোভ ছড়ায় গ্যালারিতে। তার সঙ্গে সেই উদযাপনে যোগ দেন দানি সেবায়োস, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রও।
রেফারির প্রতিবেদনে এসব উদযাপনকে ‘অপমানজনক’ উল্লেখ করা হলে তদন্ত শুরু করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘কাদেনা এসইআর’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত উদযাপনের দায়ে শাস্তি পাচ্ছেন রিয়ালের তিন তারকা– রুডিগার, সেবায়োস ও এমবাপ্পে।
এই তিনজনকেই এক ম্যাচের জন্য স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে একই ধরনের আচরণ করলে শাস্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। পাশাপাশি তিনজনকে গুণতে হয়েছে মোটা অঙ্কের অর্থদণ্ডও।
রুডিগারকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার ইউরো (৫৭ লাখ ৩৭ হাজার টাকা)। এমবাপ্পেকে জরিমানা করা হয়েছে ৩০ হাজার ইউরো (৪৩ লাখ টাকা)। সেবায়োসকে জরিমানা করা হয়েছে ২০ হাজার ইউরো (২৮ লাখ ৬৯ হাজার টাকা)
তবে রিয়ালের ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির ইঙ্গিত দিয়ে উদযাপন করলেও শাস্তির হাত থেকে বেঁচে গেছেন ভিনিসিউস জুনিয়র। উয়েফার মতে, তার প্রতিক্রিয়া ‘আগ্রাসী নয়’।
ম্যাচের পর নিজেদের সমর্থকদের দিকে ছুটে যান রিয়াল খেলোয়াড়রা। এ সময় গ্যালারি থেকে অ্যাতলেটিকোর সমর্থকেরা নানা দ্রব্য ছুড়তে থাকেন। রিয়ালের অভিযোগ, তাদের খেলোয়াড়দের লক্ষ্য করেই এসব ছোড়া হয়েছে। অন্যদিকে অ্যাতলেটিকোর অভিযোগ, রিয়ালের খেলোয়াড়রাই দর্শকদের উত্তেজিত করে তোলেন।
এ ছাড়া, এক দর্শকের নাৎসি স্যালুট দেওয়ার ঘটনায় রিয়াল মাদ্রিদকেও ১৫ হাজার ইউরো (২১ লাখ ৫১ হাজার টাকা) জরিমানা করেছে উয়েফা। একই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে ক্লাবের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
এদিকে রিয়াল এখন যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ মিশনে রয়েছে। আগামীকাল (৯ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেমিফাইনালে ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে শাবি আলনসোর দল।