তবে আশ্চর্যের বিষয়—এই স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান কিংবা তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
দলের নেতৃত্বে থাকবেন মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আগা। সিরিজে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাহাতি পেসার সালমান মির্জা। ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন সহ-অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ।
পাকিস্তানের বিশ্বস্ত সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, ১৮ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি, যার সবগুলোই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরিজটি আইসিসি’র ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি)-এর অন্তর্ভুক্ত নয়। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনায় এই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সফর শেষে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে পাকিস্তান দল।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।