সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান থেকে হৃদয় আহমেদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৭ জুলাই) সকালে উপজেলার কাকিয়াছড়া চা-বাগানের ১ নম্বর সেকশনে একটি গাছের নিচে,গলায় বেল্ট প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান,সকাল সাড়ে ৮টার দিকে বাগানের পাহারাদার প্রথমে লাশটি দেখতে পান এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
হৃদয় উপজেলার সদর ইউনিয়নের শাহীবাগ এলাকার বাসিন্দা লিটন মিয়ার একমাত্র ছেলে। পরিবারের দাবি,আত্মহত্যার কোনো কারণ নেই, এটি হত্যাকাণ্ড হতে পারে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,গলায় কালো বেল্ট প্যাঁচানো থাকলেও হৃদয়ের দেহটি গাছ থেকে ঝুলছিল না,বরং গাছের নিচে পড়ে ছিল।
তারা মনে করছেন,“হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।” লাশের অবস্থান ও বেল্টের বাঁধন দেখে বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,"লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”
নিহত হ্নদয় আহমেদ ইয়াসিন স্থানীয় শাহীবাগ এলাকার লিটন মিয়ার পুত্র। সে বিভিন্ন সময়ে ডিশ ও ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতো। পাশাপাশি সে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনার সাথে জড়িতদের আটক ও নিহতের সাথে থাকা মটরবাইক উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
হৃদয়ের পরিবার একমাত্র সন্তান হারিয়ে শোকাহত। স্থানীয়দের দাবি,ঘটনাটি যেন গভীরভাবে তদন্ত করে প্রকৃত সত্য বের করে আনা হয়।