টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে কনকাকাফ গোল্ড কাপের ফাইনালে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে মেক্সিকো। এটি তাদের দশম শিরোপা, যা গোটা টুর্নামেন্টের রেকর্ড।
ম্যাচের পরিসংখ্যানেই স্পষ্ট মেক্সিকোর আধিপত্য। ৬০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা একের পর এক আক্রমণে ব্যস্ত রেখেছে আমেরিকান রক্ষণভাগকে। মোট ১৬টি শট নেয় মেক্সিকো, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে যুক্তরাষ্ট্র নিতে পারে মাত্র ৯ শট, যার ৩টি ছিল অন টার্গেট।
তবে গোলের সূচনা করেছিল যুক্তরাষ্ট্রই। চতুর্থ মিনিটে সেবাস্তিয়ান বেরহাল্টারের ফ্রি-কিকে হেড করে দুর্দান্ত গোল করেন ক্রিস রিচার্ডস। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি মেক্সিকো। ২৭ মিনিটে রাউল হিমেনেজের নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরায় তারা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মেক্সিকো। ৭৭ মিনিটে এদিসন আলভারেজের হেডে বল জালে জড়ায়। প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দিলেও, ভিএআর বিশ্লেষণে দেখা যায় যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার আলেক্স ফ্রিম্যান অনসাইড রেখেছিলেন আলভারেজকে। গোলটি বৈধ ঘোষিত হয়, আর সেই গোলেই শিরোপা নিশ্চিত করে মেক্সিকো।
২০০৯ ও ২০১১ সালের পর আবারও টানা দুইবার কনকাকাফ গোল্ড কাপ জয়ের কীর্তি গড়লো মেক্সিকো। সাতবার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র, আর একবার শিরোপা গেছে কানাডার ঘরে। আগামী ২০২৭ সালে আবারও বসবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ।