শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন,নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা,দর্শনার্থীদের চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।
রোববার (১৮ অক্টোবর) পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান সহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে কথা বলেন। পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়ে গুরুত্ব দেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে,নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা,দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন,শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা,জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং উৎসবের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য তিনি আয়োজক ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
এ সময় পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দও উৎসবের পরিবেশ বজায় রাখা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্ব দেন।
পূজা উদ্যাপন পরিষদের এস.কে. রায় সুমন বলেন,দুর্গাপূজা সবার অংশগ্রহণে একটি সর্বজনীন উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকেরা সচেতন রয়েছেন। এ ক্ষেত্রে প্রশাসন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
পূজা উদ্যাপন পরিষদের বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন বলেন,ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আয়োজক ও দর্শনার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে পূজা উদ্যাপন পরিষদের এস.কে. রায় সুমন,বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন,সুদীপ দাস রিংকুসহ অন্যান্য সদস্যবৃন্দ ও সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
পর্যটনসমৃদ্ধ শ্রীমঙ্গল সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসেবে পরিচিত। দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এখানে আসেন। তাই উৎসবের দিনগুলোতে নিরাপত্তা,শৃঙ্খলা,যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে প্রশাসন,পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ।