যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে এক এএসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন, যমুনা সেতু পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনের মিছিলের সময় পাশেই পুলিশের একটি পিকআপ ছিল। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে পিকআপে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে বিপরীত দিকের লেন দিয়ে পুলিশের একটি পিকআপ যাচ্ছিল। এ সময় মিছিলকারীরা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যদের পিকআপ থেকে না নামতে হুমকি দেন। পরে পুলিশ সদস্যরা নীরবে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে মিছিলের পর বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।