মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর স্বপন রায় (৭০) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে পৌরসভার রায়পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন রায় রায়পাড়া এলাকার মৃত শচীন্দ্র রায়ের ছেলে। তিনি মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে স্বপন রায়ের মা মারা যান। ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে মায়ের অস্থি সংগ্রহ করতে পানিতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে তলিয়ে যান স্বপন রায়।
পরে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে পৌঁছালে জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় রায়পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই।”
****
কোন মন্তব্য পাওয়া যায়নি