ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৬০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ১ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, অভিভাবকদের সম্পৃক্ততা এবং প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদ ব্যবস্থাপনার বিষয়ও গুরুত্ব পায়। শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধির জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে, সেদিকে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও নজর রাখতে হবে। শিক্ষকদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব ছিল, আজ থেকে তা আর থাকবে না।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, শিক্ষা খাতে বিএনপি সরকার সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে। বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। এবার যতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, আগামীতে যাতে তার তিনগুণ শিক্ষার্থী জিপিএ-৫ পায়, সে লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের জায়গা যারা অবৈধভাবে দখল করে রেখেছে, তা উদ্ধার করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুনাহার নাঈম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সদস্য জাকির হোসেন চৌধুরী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আজিজ মোল্যা। এসময় আরো বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় কুমার সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হুসাইন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।