নাটোরের বড়াইগ্রাম সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতপুর এলাকায় পুকুরের পানিতে ডুবে হাসান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাসান ওই এলাকার আব্দুল হাকিম ও জিয়াসমিন দম্পতির চতুর্থ সন্তান।
পরিবারের সদস্য ও স্থানীয় মেম্বার পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়ার বরাত দিয়ে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় শিশু হাসান। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে শিশুটির ফুপু পুকুরের পানিতে হাসানকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াই বছরের শিশু হাসানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তানকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোকের আবহ।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।