শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:নং, সাতক্ষীরা
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে সাতক্ষীরার তালা ও পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। তিনি উৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক শান্তি বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবে। দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে তিনি পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ আখতারুজ্জামান, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।