ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালু.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালু..

Mohammad Abdul Qaiyum Nahid avatar   
Mohammad Abdul Qaiyum Nahid
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালু..
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির অটো ফাইন সিস্টেম চালু..
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা জোরদার করতে অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে।..

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি বন্ধ, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং ট্রাফিক শৃঙ্খলা জোরদার করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালু করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই এআই প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে এবং স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত হওয়ার পর নিবন্ধিত মালিকের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। এরপর নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানার টাকা পরিশোধের সুযোগ থাকবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
হাইওয়ে পুলিশ আরও জানায়, এ ব্যবস্থা মহাসড়কে ট্রাফিক আইন প্রতিপালন, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এ কার্যক্রম সফল করতে যাত্রী, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
 
সড়ক পরিবহন বিশেষজ্ঞদের মতে, এআই নির্ভর অটো ফাইন সিস্টেমের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি পরিবহন খাতের বিভিন্ন সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ধরনের প্রয়োগ ভবিষ্যতে অন্যান্য মহাসড়কেও চালু করা হলে দেশের সড়ক নিরাপত্তায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।
কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator