রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর আগে রোববার সকালে মামলায় গ্রেপ্তার হওয়া ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া আরও দুই আসামিসহ মোট ১১ জনকে আগামী ৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ ও সহিদুল ইসলাম সরদার।
শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, এ মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করলেও তাদের পাওয়া যায়নি। এর মধ্যে ২০ জনের বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া গেলেও বাকিদের প্রতিবেদন এখনও আসেনি।
এ ছাড়া প্রোডাকশন ওয়ারেন্ট জারি না হওয়ায় অন্য মামলায় সাজাপ্রাপ্ত হাসানুল হক ইনু এবং আরেক মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাককে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এ কারণে পরবর্তী শুনানির জন্য সময় চায় প্রসিকিউশন।
পরে ট্রাইব্যুনাল ওই দুই আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি এবং নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেওয়ার জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।
মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন—তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, মাহবুবউল আলম হানিফ, হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল লতিফ সিদ্দিকী, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
এ ছাড়া মামলার আসামিদের তালিকায় সাবেক আইজিপি, র্যাবের সাবেক ও তৎকালীন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম রয়েছে।
এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একইদিন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। এরপর পরবর্তী শুনানির জন্য ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।
ইত্তেফাক/এনটিএম