মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালগিরী হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের চারতলা নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার ছাত্র মো. নেয়ামত উল্লাহ পবিত্র কোরআন শরিফ খতম করে হাফেজ হওয়ায় তার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পালগিরী জামে মসজিদে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাদ্রাসার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহ আলম কন্ট্রাক্টর, পালগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আক্তার মাহমুদ।
বক্তারা বলেন, মাদ্রাসার নতুন ভবন নির্মাণসহ শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় তারা মাদ্রাসার উন্নয়নকাজে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সার্বিক আর্থিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের বিএসসি, বিশিষ্ট সমাজসেবক মো. আমির হোসেন, মো: মকবুল হোসেন, মাদ্রাসার হেড মোহাদ্দেস মো. মাইনুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
মাদ্রাসার ছাত্র মো. নেয়ামত উল্লাহ পবিত্র কোরআন শরিফ হিফজ সম্পন্ন করে হাফেজ হওয়ায় তার জন্য বিশেষ দোয়া করা হয়। মাদ্রাসার নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।