পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট'স ফোরাম ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন। সম্প্রতি এই সংগঠনের ২০২৫-২৬ সালের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঙলা কলেজের শিক্ষার্থী ও তরুণ লেখক শাকিল আহমেদ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী খালিদ হাসান রুমি। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নাঈম খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো: খোকা।
এই সংগঠনের মূল লক্ষ্য হলো পটুয়াখালী জেলার শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ বৃদ্ধি ও সহায়তা প্রদান। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত পটুয়াখালীর শিক্ষার্থীরা এই ফোরামের মাধ্যমে একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
কমিটির সভাপতি শাকিল আহমেদ বলেন, 'আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও নেতৃত্ব গুণাবলি বিকাশ ঘটানো। আমরা একসঙ্গে কাজ করে আমাদের শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রাখবো।'
এই আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। এতে কমিটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদী সংগঠনের সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হাসান রুমি বলেন, 'আমরা আশা করছি, নতুন কমিটির অধীনে আমাদের সকল কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালিত হবে। পটুয়াখালীর শিক্ষার্থীদের জন্য আমরা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।'
এই কমিটি গঠনের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট'স ফোরাম একটি নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে। শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে এই কমিটি কাজ করে যাবে বলে আশা করা যাচ্ছে।