নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাপায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃ'ত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়ন এর জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের ওরফে জাহাঙ্গীর (৪৮) একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মুছাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চৌধুরীহাট বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেল নিয়ে মৌলভী বাজারের উদ্দেশ্যে রওনা দেন জাহাঙ্গীর। পথে বাগধারা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে পাশ থেকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















