‘শয়তানের নিঃশ্বাসে’ সিএনজি চালক হত্যা,গ্রেপ্তার ২ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

‘শয়তানের নিঃশ্বাসে’ সিএনজি চালক হত্যা,গ্রেপ্তার ২

Satyajit Das avatar   
Satyajit Das
‘শয়তানের নিঃশ্বাসে’ সিএনজি চালক হত্যা,গ্রেপ্তার ২
‘শয়তানের নিঃশ্বাসে’ সিএনজি চালক হত্যা,গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

র‍্যাব-৯-এর সিপিসি-১,ব্রাহ্মণবাড়িয়া ও র‍্যাব-১১-এর সিপিসি-২,কুমিল্লার যৌথ দল রোববার রাত ১টার দিকে দেবিদ্বারের বাগুরা এলাকায় এবং রাত ১টা ৫০ মিনিটের দিকে কুমিল্লা কোতোয়ালি থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিয..

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনানাশক ব্যবহার করে সিএনজি চালক হোসেন মিয়াকে হত্যা ও তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (২৩ আগস্ট) ভোরে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামের মো. আবুল বাশার (৪৪) এবং কোতোয়ালি থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮)।

র‍্যাব জানায়,গত ২৫ মে সকালে কসবা উপজেলার চান্দলা এলাকার বাসিন্দা সিএনজি চালক হোসেন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এরপর ২৮ মে বিকেলে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন,কসবা থানার টি. আলী মোড়সংলগ্ন একটি পুকুরে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন।

পুলিশের কাছে করা মামলায় বাদী নিহতের স্ত্রী অভিযোগ করেন,অজ্ঞাত ব্যক্তিরা সিএনজি, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হোসেন মিয়াকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়।

ঘটনার পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-১,ব্রাহ্মণবাড়িয়া ও র‍্যাব-১১-এর সিপিসি-২,কুমিল্লার যৌথ দল রোববার (২৩ আগষ্ট) দিবাগত রাত ১টার দিকে দেবিদ্বারের বাগুরা এলাকায় এবং রাত ১টা ৫০ মিনিটের দিকে কুমিল্লা কোতোয়ালি থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার তদন্তে পাওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন স্বীকার করেছেন,তারা অন্যদের সঙ্গে মিলে ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনানাশক ব্যবহার করে সিএনজি চালককে অচেতন করে হত্যা করেন। পরে তার সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

র‍্যাব আরও জানায়,এ মামলায় গত ৪ আগস্ট তদন্তে পাওয়া আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Walang nakitang komento


News Card Generator