বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
ছবি: সংগৃহীত

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় দিবস কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  মঙ্গলবার (১৮ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর থেকে উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়। হেলিপ্যাডে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন, শান্তি পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ১৯৫২ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগকারী বীর শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় দীর্ঘ চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশ-বিদেশে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে নিয়মানুবর্তিতা, ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় আরও জোর দেওয়ার আহ্বান জানান। পরে উপাচার্য ব্রহ্মপুত্র নদে মৎস্য বিজ্ঞান অনুষদের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সকালে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : ৬৫ বছরের গৌরবোজ্জ্বল পথ চলা’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পাশাপাশি দুপুরে বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আবাসিক হলে বৃক্ষরোপণ এবং বিকেলে সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Inga kommentarer hittades


News Card Generator