ফুলবাড়ীতে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভা
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার..
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লোককেন্দ্র বড়ভিটার মাধ্যমে কিশোরী ও নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়ভিটা ইউনিয়নের লোককেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লোককেন্দ্র, বড়ভিটার সৌজন্যে, উদয়াঙ্কুর সেবা সংস্থা (USS) এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়।
মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা ১৫ দিনের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা, প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ-পরবর্তী সময়ে সেলাইয়ের কাজকে কীভাবে আয়বর্ধক কর্মকাণ্ডে পরিণত করা যায় সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেট অফিসার ঝর্ণা বেগম,রুবেল হক সহ আরো অনেকে।
সভায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিজ উদ্যোগে কাজ শুরু, সেলাইয়ের অর্ডার গ্রহণ, স্থানীয় বাজারের সঙ্গে সংযোগ স্থাপন এবং ভবিষ্যতে সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, প্রশিক্ষণের পর ইতোমধ্যে ৭ জন প্রশিক্ষণার্থী নিজস্ব সেলাই মেশিন কিনে কাজ শুরু করেছেন। তারা নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের পোশাকের কাজও করে আয় করছেন। এছাড়া আরও ১০ জন প্রশিক্ষণার্থী সেলাই মেশিন কেনার পরিকল্পনা করছেন।
প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের জন্য আরও সহযোগিতা, বাজারের সঙ্গে সংযোগ এবং কাজের সুযোগ সৃষ্টি করা গেলে তারা নিজেদের পরিবারে আর্থিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
আয়োজকরা বলেন, নারীদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রশিক্ষণার্থীরা মেয়েদের বাল্যবিবাহকে চ্যালেন্জ করার মাধ্যমে নিজেদের লেখাপড়া অব্যহত রাখবে বলে সংস্থা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে।