পীরগঞ্জে নিরাপদ পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালা
স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি পরিকল্পনা ও সুস্থ বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বারোপ
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি পরিকল্পনা ও সুস্থ বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে পৌর প্রশাসনের আয়োজনে এ কর্মশালা সম্পন্ন হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ গোলাম রব্বানী সরদার।
কর্মশালায় স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপদ পানি সরবরাহ, মানববর্জ্য ও সঠিক স্যানিটেশন ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া পৌর এলাকায় একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোঃ বাবুল আক্তার, একই দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ.এম শাহীন, পীরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম এবং উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান। এ সময় আরও বক্তব্য দেন এনজিও কর্মী ওয়ালিদুর রহমান।
পৌরসভার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকবর আলী, মোঃ তোজামেল হক, মোঃ নুর মোহাম্মদ চৌধুরী এবং উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান আলীসহ অন্যান্যরা।
কর্মশালায় স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ পানি, সঠিক স্যানিটেশন ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলা সম্ভব। এজন্য সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরগুলোর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।