উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে..
উজানের ঢল ও ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে..
ছবি: সংগৃহীত

এ কে এম কায়সারুল আলম,লালমনিরহাট

 

টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে। বুধবার সকাল থেকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির সমতল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার রেকর্ড করা হয়। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। এর আগে সকাল ৬টাতেও একই মাত্রায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়।


তিস্তার তীরবর্তী এলাকার অনেক বাসিন্দা জানান, বৃষ্টি ও উজানের ঢলের পানি এলাকায় ঢুকে পড়েছে। এতে ফসলের জমি তলিয়ে গেছে। গবাদিপশুর খাবার সংগ্রহ নিয়েও বিপাকে পড়েছেন স্থানীয়রা

কালীগঞ্জে শৈলমারীর ইব্রাহিম হোসেন নামের একজন জানান, মঙ্গলবার রাত থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। একই সঙ্গে চলছে ভারি বৃষ্টিপাত। পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। 


পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রবাহ অব্যাহত থাকায় তিস্তার পানি দ্রুত বেড়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। একই সঙ্গে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতে পানি কমে আসার সম্ভাবনা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ভারি বৃষ্টি ও উজানের ঢলে বুধবার সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator