সাতক্ষীরা

সমাজের মূলধারায় এসিড আক্রান্তদের সম্পৃক্ত করার আহ্বান সাতক্ষীরায়

এসিড সন্ত্রাস প্রতিরোধে সাফল্য ধরে রাখার আহ্বান, আক্রান্তদের পাশে থাকার প্রতিশ্রুতি..
Eidok-এ শেয়ার
সমাজের মূলধারায় এসিড আক্রান্তদের সম্পৃক্ত করার আহ্বান সাতক্ষীরায়
ছবি: সংগৃহীত

এসিড আক্রান্ত ব্যক্তিদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে সাতক্ষীরায়। একই সঙ্গে এসিড সন্ত্রাসের ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এসিড আক্রান্তদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) বার্ষিক সাধারণ সভা, র‌্যালি ও সমাবেশে এসব কথা বলেন তাঁরা।

সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জেলার এসিড আক্রান্ত নারী-পুরুষ, উন্নয়নকর্মী, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সুধীজন অংশ নেন।

স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম।

সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, শিক্ষাবিদ আবদুল হামিদ, মুফতি আখতারুজ্জামান, এসিড সারভাইভর আসমা খাতুন ও গঙ্গা দাসী। এ ছাড়া সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, গোলাম সরোয়ার, বেলাল হোসেন এবং উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় নেটওয়ার্কের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এসবিজিএনের প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, এসিড আক্রান্ত ব্যক্তিরা অত্যন্ত সাহসী। নানা প্রতিকূলতা ও সামাজিক প্রতিবন্ধকতা জয় করে তাঁরা জীবনকে এগিয়ে নেওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুপ্রেরণাদায়ক।

তিনি এসিড আক্রান্ত ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে জমা দিতে স্বদেশের নির্বাহী পরিচালককে অনুরোধ জানান। পাশাপাশি তাঁদের জন্য সরকারি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

নাজমুল হুসাইন বলেন, এসিড আক্রান্ত ব্যক্তিরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁদের প্রতিষ্ঠিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নতুন করে এসিড সন্ত্রাসের ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং বিত্তবানদের সহযোগিতায় আক্রান্তদের বহুমুখী সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরায় এসিড নিক্ষেপের ঘটনা শূন্যে নামিয়ে আনতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বদেশ ও একশনএইডের ভূমিকার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল অর্থনৈতিকভাবে সফল এসিড সারভাইভরদের অংশগ্রহণ। তাঁরা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদিত ও বিক্রয়যোগ্য পণ্য নিয়ে বিভিন্ন স্টল সাজান। এর মাধ্যমে তাঁদের আত্মনির্ভরশীলতা, কর্মদক্ষতা ও উদ্যোক্তা হয়ে ওঠার সাফল্য তুলে ধরা হয়।

বক্তারা মনে করেন, এসিড আক্রান্তদের শুধু সহানুভূতি নয়, প্রয়োজন সামাজিক স্বীকৃতি, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক নিরাপত্তা। তাঁদের সক্ষমতা ও সাফল্যকে সামনে এনে সমাজের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী জেলার খবর ফেনীতে ইয়াবা, বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ৮, সিএনজিসহ আটক ছিনতাইকারী 36 ভিউ ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা জেলার খবর ফেনীর নবাগত পুলিশ সুপার হাবীবুল্লাহর যোগদান উপলক্ষে বিশেষ কল্যাণ সভা 40 ভিউ কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা জেলার খবর কৃষকদল নেতা হত্যা, নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা 86 ভিউ ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা জেলার খবর ১৪ দিন মেয়াদে পারিবারিক ‘হাঁস-মুরগী পালন’ প্রশিক্ষণে ভর্তির সুযোগ, থাকছে দৈনিক যাতায়াত ভাতা 66 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 52 ভিউ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ জেলার খবর বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ 80 ভিউ ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা জেলার খবর ফরিদপুরে মা ও ভাইয়ের পর মারা গেল শিশু তাবিয়া মিনহা 56 ভিউ