আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে সাতক্ষীরায়… | আই নিউজ বিডি

আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে সাতক্ষীরায় পালিত হলো ৭ নভেম্বর..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে সাতক্ষীরায় পালিত হলো ৭ নভেম্বর..
আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে সাতক্ষীরায় পালিত হলো ৭ নভেম্বর..
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও প্রতিযোগিতায় অংশ নিলেন শিক্ষার্থীরা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস–২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক এবং জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক খান মোকছুদুর রহমান এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জি এম আলতাফ হোসেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিনের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

একইভাবে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ওয়াহিদা সুলতানা এবং সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিউল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, শেখ তাজুর রহমান, রবিউল ইসলাম, দীপাসিন্ধু তরফদার, মমতাজ আহমেদ, সুলতানা পারভীন, জান্নাতুল ফেরদৌস ও মো. হাবিবুল্লাহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার সাতটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের নির্দেশনায় এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, শিশুদের অংশগ্রহণে বৃক্ষরোপণ, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল থেকেই জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যানার, পোস্টার ও জাতীয় পতাকায় সাজানো হয়। সাতক্ষীরা সদর উপজেলার টাউন সুলতানপুর, এল্লারচর, দক্ষিণ কাটিয়া, সিলভার জুবিলী মডেল ও পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার নকিপুর ও হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়; কালীগঞ্জ উপজেলার মহৎপুর ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়; দেবহাটা উপজেলার পারুলিয়া, চণ্ডীপুর ও উত্তর আসকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার রামভদ্রপুর, সোনাবাড়িয়া, দক্ষিণ ভাদিয়ালি ও হিজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

জেলার অন্যান্য উপজেলাতেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, “৭ নভেম্বর জাতিকে এক কাতারে নিয়ে আসে। সিপাহী-জনতার সংহতি আর বিপ্লব আধিপত্যবাদী শক্তিকে পরাভূত করে।” জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান এবং কর্মসূচি বাস্তবায়নে তাঁদের আন্তরিকতা ও অংশগ্রহণের প্রশংসা করেন।

জেলা ও উপজেলা পর্যায়ের এসব আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালিত হয়। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটি পালন নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস চর্চা ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রয়াস হিসেবে গুরুত্ব পায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator