মোঃ রায়হান মিয়া,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় কচুয়ার আইনগিরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল বাসার মেম্বারের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং গোহট উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য নাছির উদ্দিন প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন প্রধান বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে মেজর জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক ঘটনাবলি সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইমরান হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য গাজী ফারুক হোসেন ও আরাফাত হোসেন বিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুস ছালাম, শিক্ষক শাহাজান, সহকারী শিক্ষিকা শাহনাজ আক্তার, শুভ রানী দে, পূজা রানী দে ও সুবর্ণা রানী দে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া ইসলাম এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা ইমরান আদিবা।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ইতিহাসচর্চা ও জাতীয় চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের এমন উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।