মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
প্রতিমন্ত্রী বিদ্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান, তাদের পড়াশোনার খোঁজখবর এবং শেখার পরিবেশ সম্পর্কে জানতে চান।
পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। এ ছাড়া বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রম, বাগান, মা সমাবেশ, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রম ঘুরে দেখেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি।
দুপুরে প্রতিমন্ত্রী উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।