ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি চক্রের মূল হোতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে পৃথক আরেকটি অভিযানে ২০ পিস ইয়াবাসহ সাইফুল নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে, গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের দিকনির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলীর নেতৃত্বে একটি টিম সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দ ভাকুরী এলাকার শাহরিয়ার ফয়সাল (২৫), শিমরাইল এলাকার সাজু মিয়া (২৫), দত্তপাড়া এলাকার সাকিব মিয়া (২৪), কাকনহাটি এলাকার মীর আব্দুল্লাহ (২৪) এবং কালীবাড়ী দত্তপাড়া এলাকার তন্ময় রায় চৌধুরী (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা।
পরে ওসির নির্দেশনায় পরিচালিত পৃথক অভিযানে সাইফুল নামে আরও একজনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের মধ্যে শাহরিয়ার ফয়সাল মাদক কারবারি চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সাজ্জাদ রোমন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে ঈশ্বরগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন।
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা হেরোইনসহ গ্রেফতার ৬ | আই নিউজ বিডি
ঈশ্বরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা হেরোইনসহ গ্রেফতার ৬..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি