গোদাগাড়ীতে খেতুরী ধামের পাশে গাঁজাসহ ৯ জন গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে শ্রী পাট খেতুরী ধামের তিরোধান উৎসবকে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ অক্টোবর রাতে উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের খেতুর গ্রামের শ্রী পাট খেতুরী ধামের মন্দিরের পাশে একটি নিমগাছের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর চারঘাটের দুলাল মন্ডল (৫২), ঢাকার যাত্রাবাড়ীর ওহিদ (৪৫), জামালপুরের রুহুল আমিন (২৩), মেহেরপুরের সাকিল আহমেদ (৩০), সিলেটের আলী আকবর (৫৫), সিরাজগঞ্জের হোসেন মাহবুব (৩৯), দিনাজপুরের রাজু (৩৬), ঢাকার মোহাম্মদ আলী পাগলা (৩৫) এবং নাটোরের শফিকুল ইসলাম (৬১)।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
পুলিশ জানায়, আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী শ্রী পাট খেতুরী ধামে মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে দেশ-বিদেশের দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ পর্যাপ্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই অংশ হিসেবে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী মডেল থানায় মামলা করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, ধর্মীয় উৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।