শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে নিজ বাড়িতে ধানখেতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা রহমাত উল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাওলানা রহমাত উল্লাহ প্রতাপনগর এলাকার সুলতান আহমেদ ময়রার একমাত্র সন্তান। তিনি আনুলিয়া মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসায় আরবি বিষয়ের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজ বাড়িতে ধানখেতে মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন রহমাত উল্লাহ। এ সময় মোটরের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণের পাশাপাশি তিনি পরিবার ও এলাকার মানুষের কাছে পরিচিত ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় মরহুমের জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
মাওলানা রহমাত উল্লাহর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।