সোমবার (৫ অক্টোবর) ভোর ৬টায় চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের মানিতবাটি গ্রামের ফুলটঙ্গী ইদগাহ মাঠের পাশে শফিউদাদিনের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
নিহত অটোভ্যানচালক মোকছেদুল উপজেলার ইছামতি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মোকছেদুল রোববার বিকেলে অটোভ্যান নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সোমবার ভোর ৬টায় ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুন নবী জানান, নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল। সবার ধারণা রোববার বিকেল থেকে সোমবার ভোরের মধ্যে অজ্ঞাত অপরাধীরা তাকে হত্যা করে অটোভ্যান নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অজ্ঞাত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।