সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকা থেকে মোঃ শাহাদৎ হোসেন (৪১) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিখোঁজ হয়েছেন। গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্য সাড়ে ৭টার দিকে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে নিজ বাসা থেকে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি।
নিখোঁজ শাহাদৎ হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর থেকেই শাহাদতের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় স্বজনরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যমকে হারিয়ে পুরো পরিবারে এখন চলছে অঝোর কান্না ও মাতম। কোনো উপায় না পেয়ে শনিবার (৩ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, অটোচালক নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি নথিবদ্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। দ্রুতই তাঁকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।