পুলক শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
উর্বর কৃষি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ, কৃষকদের জন্য সরকারি দামে সার সরবরাহ নিশ্চিত করা এবং দরিদ্র ও ক্ষেতমজুর পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই দাবি জানান।
সৌরবিদ্যুৎ প্রকল্পের নামে ফসলি জমি দখলের অভিযোগ সমাবেশে বক্তারা বলেন, সরকারি নীতিমালায় উর্বর ফসলি জমি বা জনবসতি উচ্ছেদ করে সৌরবিদ্যুৎকেন্দ্র তৈরির কোনো সুযোগ নেই। অথচ ময়মনসিংহের ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে কৃষি জমি দখল করে প্রকল্প স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা অভিযোগ করেন, ভালুকায় প্রায় ১৭০ একর ফসলি জমি ও বসতবাড়ি এলাকায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তা প্রথমে আপত্তি জানালেও পরে চাপের মুখে অনাপত্তিপত্র দিয়েছেন বলে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্দোলনকারীরা সরকারের নীতিমালা মেনে কেবল উপকূলীয় বা চরাঞ্চলের পতিত খাসজমিতে এই ধরনের বিদ্যুৎ প্রকল্প করার আহ্বান জানান।
সার সংকট ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সমাবেশে বর্তমান কৃষি খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরে নেতারা জানান, গত ধানের মৌসুমের শুরু থেকেই প্রান্তিক কৃষকরা চরম সার সংকটে ভুগছেন। সরকার সারের ঘাটতি নেই বলে দাবি করলেও মাঠপর্যায়ে সরকারি নির্ধারিত দামে সার পাওয়া যাচ্ছে না। বাড়তি দাম দিয়েও সময়মতো সার না পাওয়ায় ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে।
একই সাথে জ্বালানি তেলের সাম্প্রতিক দাম বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য লাগামহীনভাবে বাড়ছে বলে তারা জানান। বক্তাদের ভাষ্য অনুযায়ী, গ্রামীণ ক্ষেতমজুর ও নিম্নআয়ের মানুষের বর্তমান আয় দিয়ে দৈনিক খাদ্যের সংস্থান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তিন দফা দাবি ও ৫ অক্টোবরের কর্মসূচি কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ সমাবেশ থেকে অবিলম্বে তিনটি প্রধান দাবি বাস্তবায়নের আহ্বান জানায়। দাবিসমূহ হলো
১. ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ করা ২. সরকারি দামে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা ৩. দরিদ্র পরিবারের জন্য রেশনিং ব্যবস্থা, ফ্যামিলি কার্ড এবং বর্গাচাষিদের জন্য কৃষি কার্ড নিশ্চিত করা
দাবি আদায়ের লক্ষ্য আগামী ৫ অক্টোবর দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনের সমন্বয়ক ও ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে সমাবেশে কৃষক সমিতি, ক্ষেতমজুর সমিতি ও অন্যান্য সংশ্লিষ্ট জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।