মো: আব্দুস সাত্তার,দিনাজপুর প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা কিংবা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা জনগণ মেনে নেবে না। আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আন্দোলন করছেন, অনেক কথা বলার চেষ্টা করছেন। আসুন, রাজপথে আসুন, রাজপথে দেখা হবে। এ দেশের মানুষ জানে কীভাবে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করতে হয় এবং তা রক্ষা করতে হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঠিকানা অন্য কোনো দেশে নয়, এ দেশের জনগণের মাঝে। কাজেই বিএনপি ও তার নেতাকর্মীরা জনগণের ওপর সুদৃঢ় ও আস্থাশীল।
তিনি আরও বলেন স্বৈরাচার ও তাদের দোসরদের সঙ্গে কোনো আপস নয়। দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশ গঠনের দায়িত্ব দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচার ও তাদের দোসররা আবারও দেশের জনগণকে উসকে দেওয়ার চেষ্টা করছে। তবে ২৪ আগস্টের পর দেশের মানুষ যে অধিকার ফিরে পাওয়ার স্বাদ পেয়েছে, তা কোনো ষড়যন্ত্রের কাছে নস্যাৎ হতে দেওয়া হবে না।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং রংপুর বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম পাভেল, জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল ও জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজাউর রহমান রেজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না ও আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।