শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কিন্ডারগার্টেন শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উপজেলার ১৮টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন। তিনি শিক্ষকদের পাঠদান পদ্ধতি, আধুনিক শিক্ষা কৌশল ও শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক ও রহিমানগর ইউনিটি আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ ফখরুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাচার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক প্রফেসর মো. মফিজুল ইসলাম, কচুয়া সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নাজির আহমেদ মুকুল, রহিমানগর মডেল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এবং হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীবান্ধব পাঠদান, শ্রেণিকক্ষ পরিচালনা, শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন, পাঠদানের কার্যকর কৌশলসহ শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা বলেন, একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের দক্ষতা ও আধুনিক পাঠদান পদ্ধতি আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।