বীরপুর মন্দিরে প্রসাদ আয়োজন ঘিরে বাবুল সরকারের নির্বাচনী প্রস্তুতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বীরপুর মন্দিরে প্রসাদ আয়োজন ঘিরে বাবুল সরকারের নির্বাচনী প্রস্তুতি..

Ratna Begum avatar   
Ratna Begum
বীরপুর মন্দিরে প্রসাদ আয়োজন ঘিরে বাবুল সরকারের নির্বাচনী প্রস্তুতি..
বীরপুর মন্দিরে প্রসাদ আয়োজন ঘিরে বাবুল সরকারের নির্বাচনী প্রস্তুতি..
ছবি: সংগৃহীত
দোয়া-আশীর্বাদ ও সমর্থন চাইলেন সম্ভাব্য মেয়র প্রার্থী

রিপোর্ট রত্না বেগম: নরসিংদী পৌরসভা নির্বাচন সামনে রেখে আগেভাগেই গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াতে মাঠে নেমেছেন পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আগ্রহী মোহাম্মদ বাবুল সরকার। এরই অংশ হিসেবে বীরপুর শ্রী শ্রী গোপীনাথ মন্দিরে ভক্ত ও এলাকাবাসীর জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ বাবুল সরকার, নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ শানু, বীরপুর মন্দিরের সভাপতি অধ্যাপক জীতেন্দ্র বাবু, সাধারণ সম্পাদক সুজন সাহা, নরসিংদী শহর ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুতালিব ভূঁইয়া, বণিক সমিতির নেতৃবৃন্দ, জ্যোতি রাম স্যারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

প্রসাদ বিতরণকে কেন্দ্র করে বীরপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বাবুল সরকার আসন্ন পৌরসভা নির্বাচনে সবার দোয়া, আশীর্বাদ ও সমর্থন প্রত্যাশা করেন।

বাবুল সরকার বলেন, পৌরসভা নির্বাচন এখনো অনেক দূরে হলেও তিনি ইতোমধ্যে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মসজিদে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মন্দিরে গিয়ে তিনি দোয়া ও আশীর্বাদ চাচ্ছেন।

তিনি বলেন, হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে নরসিংদী পৌরসভাকে সুন্দরভাবে গড়ে তুলতে চান তিনি। তাঁর ভাষায়, ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবিক মূল্যবোধকে সামনে রেখে মানুষের কল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য।

দলীয় মনোনয়ন ও নির্বাচনী প্রতীক প্রসঙ্গে বাবুল সরকার বলেন, তিনি দলের সমর্থন প্রত্যাশা করেন; তবে অন্ধ সমর্থনের পরিবর্তে জনগণের সমর্থন নিয়েই নির্বাচনে যেতে চান। দলীয় সিদ্ধান্ত যাই হোক, জনগণের ওপর আস্থা রেখেই তিনি নিজের অবস্থান তৈরি করতে চান বলেও জানান।

পৌরসভার নাগরিক সমস্যার কথা তুলে ধরে বাবুল সরকার বলেন, বর্তমানে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, অটোরিকশা চলাচল ও রাস্তাঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিক দুর্ভোগ রয়েছে। নির্বাচিত হলে পরিকল্পিতভাবে এসব সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অটোরিকশা চলাচল নিয়ে তিনি বলেন, নরসিংদী শহরে বিভিন্ন এলাকার অটোরিকশা প্রবেশ করায় যানজট তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। মেয়র নির্বাচিত হলে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

রাস্তাঘাটের উন্নয়ন প্রসঙ্গে বাবুল সরকার বলেন, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন সড়কের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পরিকল্পিতভাবে রাস্তা সংস্কার ও উন্নয়নের মাধ্যমে নাগরিক যোগাযোগব্যবস্থার উন্নতি করতে চান তিনি।

বীরপুর ও দত্তপাড়া এলাকার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সামাজিক ও পারিবারিক যোগাযোগের কথা উল্লেখ করে বাবুল সরকার বলেন, এই এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের টানেই তিনি এখানে এসেছেন এবং মানুষের কাছে ভোটের পাশাপাশি দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।

অনুষ্ঠানে নরসিংদী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেনশাহ শানু বলেন, দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী কাঠামো অনুযায়ী যোগ্য প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ থাকলে তারা সে অনুযায়ী কাজ করবেন। তিনি বাবুল সরকারের দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

শাহেনশাহ শানুর দাবি, নরসিংদী বাজারে বিভিন্ন সময়ে চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বাবুল সরকার ভূমিকা রেখেছেন এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার বিষয়েও তিনি কাজ করেছেন।

তবে স্থানীয় নাগরিকদের বক্তব্যে উঠে আসে, আসন্ন নির্বাচনে তারা এমন একজন মেয়র চান, যিনি সততা, যোগ্যতা, অভিজ্ঞতা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে পৌরবাসীর জন্য কাজ করবেন। একই সঙ্গে নরসিংদীর দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার প্রত্যাশাও জানান তারা।

বীরপুর শ্রী শ্রী গোপীনাথ মন্দিরের এক পরিচালক বলেন, বাবুল সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এলাকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। ভবিষ্যতে পৌরসভার উন্নয়নে তিনি কী ভূমিকা রাখবেন, সে বিষয়ে তারা আশাবাদী।

এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়তে থাকায় নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে গণসংযোগ ও মতবিনিময়। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, নির্বাচনী প্রক্রিয়া এবং ভোটারদের রায়—এসবের ওপরই নির্ভর করবে পৌর নেতৃত্বের পরবর্তী অধ্যায়।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator