সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, সরবরাহ ও পণ্যের মান তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভোজ্য তেল, চিনি, শিশু খাদ্য, বেকারি পণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় শিশু খাদ্য ও বেকারি পণ্যের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, মোড়কে বাধ্যতামূলক তথ্য ও লেবেল না থাকা, ভোজ্য তেল ও চিনির মূল্যতালিকা হালনাগাদ না করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অভিযোগ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে মেসার্স বাংলাদেশ বেকারির মালিক মো. আব্দুল লতিফ মজুমদারকে ১৫ হাজার টাকা এবং মেসার্স ইসমাইল স্টোরের মালিক মো. ইসমাইল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি এবং অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা..
ছবি: সংগৃহীত
কোন মন্তব্য পাওয়া যায়নি