মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ নম্বর আদাঐর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় স্থানীয়ভাবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আল আমিন ইসলাম।
তরুণ এই রাজনৈতিক নেতা দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা, শিক্ষা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় তাঁর একটি পরিচিতি ও জনসম্পৃক্ততা তৈরি হয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের।
আল আমিন ইসলাম মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি। পাশাপাশি মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, মিঠাপুকুর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি জাগরণ আইডিয়াল একাডেমি, শিশু কানন বিদ্যানিকেতন, আলিফ আইডিয়াল একাডেমি, ফারহান বিদ্যানিকেতন এবং সেরু মিয়া-রাণু বেগম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনেও তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহ্বায়ক, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, সিলেট বিভাগীয় ছাত্র ফোরামের সাবেক সহসভাপতি, মাধবপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আদাঐর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়ে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন তিনি। তাঁর সমর্থকদের দাবি, তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আল আমিনের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আগ্রহ রয়েছে।
তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রার্থীতা নিয়ে মিশ্র আলোচনা রয়েছে। নির্বাচনে দলীয় সমর্থনের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন আদায় করাই তাঁর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চেয়ারম্যান প্রার্থী মো. আল আমিন ইসলাম বলেন, ‘‘আমি এ এলাকারই সন্তান। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে নির্বাচিত করলে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, মাদক ও চুরি প্রতিরোধ এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করতে চাই।’’
তিনি আরও বলেন, ‘‘জনগণের দোয়া ও সহযোগিতা পেলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আদাঐর ইউনিয়নকে একটি উন্নত ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।’’