মাদ্রাসায় পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরীকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বর্তমানে তারা ফরিদপুর কোতোয়ালি থানা হেফাজতে রয়েছে।
উদ্ধার হওয়া তিন কিশোরী হলো—নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব জাজিরা এলাকার রফিকুল ইসলামের মেয়ে রোজা (১৪), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কংসুপুরা এলাকার আলাসমিনের মেয়ে তানহা (১৪) এবং একই এলাকার হানিফ মিয়ার মেয়ে লামিয়া (১৪)।
জানা গেছে, ওই তিন কিশোরী সিরাজদিখানের খাস মহল জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করত। পড়াশোনা কম করায় শিক্ষকদের মারধরের ভয়ে বুধবার সকালে তারা মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
পরে তারা সিরাজদিখান বাসস্ট্যান্ড থেকে ফরিদপুরগামী একটি অজ্ঞাতনামা গাড়িতে ওঠে। গাড়িটি ফরিদপুর-রাজবাড়ী সড়কের একটি মোড়ে পৌঁছালে সেখানে তারা নেমে যায়। এরপর অটোরিকশাযোগে কানাইপুর এলাকায় গিয়ে তারা এলোমেলোভাবে ঘোরাফেরা করতে থাকে।
বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা তিন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় খবর দিয়ে হস্তান্তর করা হয়। বুধবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে স্থানীয়রা তিন কিশোরীকে থানায় সোপর্দ করেন।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, তিন কিশোরী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
মাদ্রাসা থেকে পালিয়ে ফরিদপুরে আসা তিন কিশোরী কোতোয়ালি থানা হেফাজতে..
ছবি: সংগৃহীত
****
কোন মন্তব্য পাওয়া যায়নি