মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে চা-পাতা সংগ্রহের সময় একটি বিষধর সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বাগানের ঝোপঝাড়ে সাপটি দেখতে পেয়ে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান তারা।
পরে বাগান কর্তৃপক্ষ বিষয়টি বন বিভাগকে জানালে জগদীশপুর বন বিট কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার করা সাপটির প্রজাতি শনাক্ত ও পরবর্তী করণীয় বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে তাঁর নির্দেশনায় সাপটি জগদীশপুর প্রকৃতি বনে অবমুক্ত করা হয়।
জগদীশপুর বন বিট কাম স্টেশনের ফরেস্টার মো. জহিরুল ইসলাম বলেন, বর্ষাকালে খাবার ও আশ্রয়ের সন্ধানে বিভিন্ন প্রজাতির সাপ চা বাগানের ঝোপঝাড়ে চলে আসতে পারে। সাপ দেখলে অযথা আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, চা বাগান কিংবা বসতবাড়ির আশপাশে বিষধর সাপ দেখা গেলে সেটিকে না মেরে দ্রুত বন বিভাগ বা হবিগঞ্জ বন্য প্রাণী অফিসে খবর দেওয়া উচিত।
সাপটি নিরাপদে উদ্ধার ও অবমুক্ত করায় চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
মাধবপুরে চা বাগানের ঝোপে বিষধর সাপ, উদ্ধার করে বনে অবমুক্ত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
****
কোন মন্তব্য পাওয়া যায়নি