কচুয়ার নবাগত ইউএনও অমিত রায়ের সঙ্গে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কচুয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কচুয়া উপজেলা শহর শাখার সভাপতি হাফেজ আল আমিন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা সভাপতি গোলাম মর্তুজা সিয়াম, কচুয়া উপজেলা দক্ষিণ সভাপতি জাহিদুল ইসলাম তামিম।
শুক্রবার (২৮ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
সাক্ষাৎকালে কচুয়ার শিক্ষা, সামাজিক উন্নয়ন, তরুণ সমাজের ইতিবাচক ভূমিকা এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়। নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
নবাগত ইউএনও অমিত রায় কচুয়ার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি তরুণ সমাজকে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।