মধুখালীতে রাতের আঁধারে ২২ শতক জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মধুখালীতে রাতের আঁধারে ২২ শতক জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
মধুখালীতে রাতের আঁধারে ২২ শতক জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ..
মধুখালীতে রাতের আঁধারে ২২ শতক জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ..
ছবি: সংগৃহীত
****

ফরিদপুরের মধুখালীতে পূর্ববিরোধের জেরে ২২ শতক জমির কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জমির মালিক কৃষক মো. আইয়ুব ফকির (৫৪)। এ ঘটনায় তিনি মধুখালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেগচামী ইউনিয়নের রুকুনী গ্রামের বাসিন্দা আইয়ুব ফকিরের ২২ শতক জমিতে কলাবাগান রয়েছে। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আইয়ুব ফকিরের দাবি, পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাঁর ক্ষতি করার চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি বাড়ির পাশে ওই জমিতে কলাবাগান করেন। তবে বাগান করার পর থেকেই বিভিন্নভাবে কলাগাছের ক্ষতি করা হচ্ছিল বলে অভিযোগ তাঁর।
অভিযোগে বলা হয়, গত ২৩ আগস্ট বিকেল ৪টার দিকে আইয়ুব ফকির কলাবাগান পরিদর্শন করে বাড়িতে ফিরে যান। পরদিন ২৪ আগস্ট সকালে খবর পেয়ে বাগানে গিয়ে তিনি দেখতে পান, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর জমির কলাগাছগুলো কেটে ফেলেছে।
এ ঘটনায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন আইয়ুব ফকির। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator