বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়া বাজার ও খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে সারি সারি ঢাকাগামী বাস পার্কিং করে রাখা হচ্ছে। অথচ পৌরসভার লাসাইতলা এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
সরেজমিনে দেখা যায়, নয়া বাজার ও খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কের পাশে ঢাকাগামী বিভিন্ন বাস সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা হয়েছে। এখানে যাত্রী ওঠানামা করা হয় না; মূলত বাসগুলো পার্কিং করে রাখার জন্যই প্রধান সড়কের পাশের জায়গা ব্যবহার করা হচ্ছে। এতে ব্যস্ত সড়কের একটি অংশ দীর্ঘসময় বাসের দখলে থাকছে।
স্থানীয়দের অভিযোগ, বাস রাখার জন্য নির্ধারিত টার্মিনাল থাকা সত্ত্বেও প্রধান সড়কের পাশে বাস পার্কিং করে রাখায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিদ্যালয় সংলগ্ন এলাকায় এমনভাবে বাস রাখা থাকায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলেও ভোগান্তি ও ঝুঁকি তৈরি হচ্ছে।
অন্যদিকে, লাসাইতলা এলাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি যথাযথভাবে ব্যবহার না হওয়ায় সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রধান সড়কটি বাস পার্কিংমুক্ত করে লাসাইতলা বাস টার্মিনালটি কার্যকরভাবে ব্যবহারের ব্যবস্থা করা হোক। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।
কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল পড়ে থাকবে পরিত্যক্ত, আর প্রধান সড়কে থাকবে সারি সারি বাস—এমন পরিস্থিতির অবসান চান স্থানীয়রা।