শ্রীপুরে হানিট্র্যাপ চক্রের সন্ধান: আটক ৩, এলাকাবাসীর হাতে গণধোলাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় প্রতারণামূলক ‘হানিট্র্যাপ’ চক্রের ফাঁদে ফেলে ব্লাকমেইল ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কয়েকজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে যুবকদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত। প্রেমের সুযোগ নিয়ে বা বিশেষ প্রলোভন দেখিয়ে ছেলেদের টেপিরবাড়ি এলাকার একটি নির্দিষ্ট স্থানে ডেকে আনা হতো। সেখানে পূর্বে থেকে ওতপেতে থাকা সদস্যরা তাদের জিম্মি করে গোপন ভিডিও ধারণ করত।
পরবর্তীতে সেই আপত্তিকর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি ও ব্লাকমেইল করাই ছিল এদের মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী চক্রের একাধিক সদস্যকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটককৃতদের হেফাজতে নেয়।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা জানান, চক্রটির অসামাজিক কর্মকাণ্ড ও ব্ল্যাকমেইলিংয়ের কারণে এলাকার যুবসমাজ বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তারা এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রীপুর থানার পুলিশ জানায়, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রটির সাথে অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।