লামায় জুলাই দিবসে তথ্য অফিসের ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা
মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিশেষ ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে তথ্য অফিস, লামার ব্যবস্থাপনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ‘পথ’ (ফিকশন), ‘জুলাই কন্যা’, ‘জুলাইয়ের চিঠি’ এবং ‘চক্ষুহীন অঙ্গহীনের কথা’ (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। প্রদর্শিত চলচ্চিত্রগুলোতে জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, শহীদদের আত্মত্যাগ, আহতদের সংগ্রাম এবং গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস। শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শরিফ, ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বি, ছাত্রদলের সভাপতি মনিরুল ইসলাম তুহিন, ছাত্রশিবিরের সভাপতি মারুফ, সাবেক বিএনপি সভাপতি আবদুর রব, সাবেক পৌর মেয়র আমীর হোসেন, জামায়াতের আমীর কাজী মো: ইব্রাহীম, কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, ওসি মো. কাইছার হামিদ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে লামা মডেল মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. ইব্রাহিম শহীদদের রুহের মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।